দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক আইন বা বিধিবিধান লঙ্ঘন করলে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করে ‘জিরো টলারেন্স’ (শূণ্য সহনশীলতা) নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সাথে নিয়ম ভঙ্গকারী ব্যাংকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, দুই ডেপুটি গভর্নর, ব্যাংক সুপারভিশন বিভাগগুলোর পরিচালক এবং সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকদের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন।
বৈঠক সূত্র জানায়, সভায় ব্যাংক সুপারভিশন বা সার্বিক তদারকির ক্ষেত্রে কর্মকর্তাদের কঠোরতম ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন লঙ্ঘনের ক্ষেত্রে এখন থেকে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো ব্যাংক বিধিবিধান ভঙ্গ করলে সংশ্লিষ্ট আইনে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তার মধ্যে থেকে সর্বোচ্চ শাস্তিই প্রয়োগ করতে হবে।
ব্যাংক সুপারভিশনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশের ব্যাংকগুলো সব ধরনের আর্থিক বিধিবিধান সঠিকভাবে মেনে চলছে কি না—তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
তদারকি কার্যক্রম গতিশীল রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে গভর্নর নিজেই নিয়মিত বিরতিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন। এই নিয়মিত বৈঠকগুলোতে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টসমূহের পরিচালকদের কাছ থেকে ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রমের হালনাগাদ তথ্য এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে বিস্তারিত শুনবেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
আইনবার্তা ডেস্ক 
















