জামালপুরে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক (২৭) নামে এক সহকারী জজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারে ট্রাকের রড ঢুকে শরীরে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।
দুর্ঘটনায় আহত প্রাইভেটকার চালকের নাম মো. ইদ্রিস আলী (৪৬)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার দানেশ হাওলাদারের ছেলে। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে প্রাইভেটকারযোগে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন সহকারী জজ সামিউল হক। ভোরে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতর ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনাটির পর আহত চালক পুলিশকে জানিয়েছেন যে ভোরে আলো আধাঁরির মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি তিনি প্রথমে খেয়াল করতে পারেননি। পরবর্তীতে দেখতে পেলেও গাড়িটি আর নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি।
ওসি আরও জানান, নিহত সহকারী জজের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন বার্তা ডেস্ক 














