দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই পুনরায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এই প্রক্রিয়ায় সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বোয়েসেল‘-কে (BOESL) সার্বিক অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য নিশ্চিত করেন। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মাহদী আমিন জানান, অন্তর্বর্তীকালীন প্রশাসনের পক্ষ থেকে নীতিগত কিছু মানদণ্ডের ভিত্তিতে প্রস্তুত করা ৪২৩টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছে। অতীতের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের (MoU) আলোকে যেন সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান কর্মী পাঠাতে পারে, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গঠিত ১০০ এজেন্সির বিতর্কিত ‘সিন্ডিকেট‘-এর প্রসঙ্গে টেনে তিনি বলেন, তৎকালীন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলায় সম্প্রতি ৪৯টি এজেন্সির লাইসেন্স বাতিল ও স্থগিত করেছে বর্তমান সরকার। সরকার কর্মী পাঠাতে সিন্ডিকেটমুক্ত, সাশ্রয়ী ও পুরোপুরি স্বচ্ছ পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে চলমান সমঝোতা স্মারকের মেয়াদ চলতি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। বর্তমান চুক্তির অধীনেই বাংলাদেশ থেকে প্রেরিত তালিকার ওপর ভিত্তি করে মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইনি কাঠামোর আওতায় যাচাই–বাছাই করে রিক্রুটিং এজেন্সির চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে।
আইন বার্তা ডেস্ক 




















