কোনো আসামিকে চটজলদি বা যত্রতত্র ‘শ্যোন অ্যারেস্ট’ (শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো) বা সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না—হাইকোর্টের দেওয়া এমন নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই বিষয়ে জারি করা রুল আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছিল। সেই রুলটিই এখন চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমের কাছে মন্তব্য করেন, ‘হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। এ ধরনের আইনি জটিলতা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ থাকলেও তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে পড়ত।’
এদিকে, এই আদেশের পাশাপাশি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার (২ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
আদালত প্রতিবদেক 
















