সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সাথে এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত সময় রয়েছে। ফলে এ বিষয়ে এখনই কোনো বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—তা সময় হলেই জানা যাবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়ের হওয়া সব রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারে সরকার কাজ করে যাচ্ছে। তবে স্পষ্ট করে তিনি বলেন, মামলা রাজনৈতিক হলেও কোনো ধরনের ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না।
এছাড়া আগামী ক্যাবিনেট বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ এবং ‘গুম প্রতিরোধ’ সংক্রান্ত অধ্যাদেশের বিষয়টি উপস্থাপন করা হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
নিজস্ব প্রতিবেদক 


















