আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন গুমের সব মামলার নিষ্পত্তি আগামী এক বছরের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এ তথ্য জানান।
জাতীয় সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার পরিবারগুলোকে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়া এখন রাষ্ট্রীয় দায়িত্ব। বর্তমান সরকার তাদের জন্য ভাতার ব্যবস্থা করতে যাচ্ছে এবং চলতি বাজেট থেকেই এই ভাতার অর্থছাড়ের ব্যবস্থা করা হবে।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি স্পিকার কায়সার কামাল গুম ও ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
বিগত বছরগুলোতে ঘটে যাওয়া গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ প্রতি বছরই আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে এই ধরনের সংলাপের আয়োজন করে আসছে, যেখানে ভুক্তভোগী পরিবারগুলো তাদের স্বজনদের ফিরে পাওয়া এবং জড়িতদের বিচারের দাবি জানায়।
নিজস্ব প্রতিবেদক 














