আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য ‘স্টেট ডিফেন্স’ (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া জানান, “স্টেট ডিফেন্স নিয়োগের পর এখন কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হলেই হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হবে।”
আসামিপক্ষে নিয়োগ পাওয়া আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, তিনি রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ের সমস্ত নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আসামিদের পক্ষে আদালতে আইনি লড়াই পরিচালনা করবেন।
এর আগে, হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই মামলার শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দিতে সলিসিটর কার্যালয়কে নির্দেশ দিয়েছিলেন।
গত ৭ জুন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ের পর পরই দুই আসামিকে আদালতের নির্দেশে কনডেম সেলে পাঠানো হয়। পরবর্তীতে তারা কনডেম সেল থেকেই নিম্ন আদালতের এই ফাঁসির রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক 














