পারিবারিক কলহ ও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আলভীর পক্ষে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের সিদ্ধান্ত দেন।
এর আগে, গত ৩০ জুন এই মামলায় জাহের আলভীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারের পাঠানো হয়েছিল। তারও আগে, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ২১ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে, ২৪ জুন আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে তার পরিবার। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক-শারীরিক নির্যাতনের’ কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। উল্লেখ্য, এই একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আইনবার্তা ডেস্ক 














