দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বহীনতা এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মামলাটি আমলে নেওয়া হবে কি না—সে বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে জানানো হয়, আগামী ১২ জুলাই এ বিষয়ে আদেশ দেওয়া হবে। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বাদী সিরাজুল ইসলাম উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যাসন্তান সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব এবং চিকিৎসক ও নার্সদের চরম অবহেলার কারণে শিশুর অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে বাজারে ও সরকারি পর্যায়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এই কারণেই হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মামলার আরজিতে দাবি করা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন।
দেশব্যাপী হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছেন।
এই নীতিগত ও প্রশাসনিক অবহেলার কারণে দেশজুড়ে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাদীর অভিযোগ, বিবাদীদের এই ধরনের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল। এর দায় এড়াতে পারেন না সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
আইন বার্তা ডেস্ক 














