দুর্নীতি দমন কমিশনের (দুদক) শূন্য হওয়া তিনটি কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাছাই কমিটি গঠন করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে এই কমিটির সভাপতি করা হয়েছে। সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
দুদক আইন-২০০৪-এর ৭ ধারা অনুযায়ী গঠিত এই বাছাই কমিটিতে বিচার বিভাগ, অডিট এবং আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সভাপতি: বিচারপতি মো. রেজাউল হক (বিচারপতি, আপিল বিভাগ) সদস্য: বিচারপতি রাজিক আল জলিল (বিচারপতি, হাইকোর্ট বিভাগ), বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব।
এই বাছাই কমিটি দুদক কমিশনার হিসেবে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ জন করে মোট ৬ জনের নামের একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরি করবে।
এই ৬ জনের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি সেই তালিকা থেকে চূড়ান্তভাবে ৩ জনকে কমিশনার হিসেবে নিয়োগ দান করবেন এবং তাঁদের মধ্য থেকে একজনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেবেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ দুদকের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। তাঁদের এই আকস্মিক পদত্যাগের পর থেকে দেশের শীর্ষ এই দুর্নীতি বিরোধী সংস্থাটি সম্পূর্ণ নেতৃত্বশূন্য (কমিশন শূন্য) অবস্থায় রয়েছে। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে দ্রুতই দুদক পুনর্গঠিত হতে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 















