বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান ও হুমকির বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। শিল্প-সংস্কৃতির সুরক্ষায় সরকারের কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিশ্চিত করার লক্ষ্যে এই আবেদন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে রিটটি দায়ের করেন।
রিট দায়েরের পর আইনজীবী সাদ্দাম হোসেন অভি সাংবাদিকদের জানান, ইদানীং দেশের বিভিন্ন স্থানে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ও অনুষ্ঠানে নানাভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে, যা আমাদের মুক্ত সংস্কৃতির বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি বলেন, দেশের সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশ ঘটানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব—যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৩ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ধর্মের দোহাই ও অপব্যাখ্যা দিয়ে একশ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের আবহমান কালের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।
রিট আবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও শিল্পকর্মের সুরক্ষা, মুক্ত কনসার্ট, নাটক, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠানসহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সার্বিক নিরাপত্তা বিধানের নির্দেশনা চাওয়া হয়েছে।
আদালত প্রতিবেদক 












