রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো দ্রুত চিহ্নিত করে তা প্রত্যাহারের সুপারিশ করতে জেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কমিটির গঠনকাঠামো, কার্যপরিধি এবং কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা কমিটির গঠনকাঠামো: সভাপতি: সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক)।সদস্য-সচিব: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সদস্যবৃন্দ: পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর (পিপিপি)।
তবে মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন নির্দিষ্ট ডেপুটি কমিশনার (ডিসি) এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে মহানগর পাবলিক প্রসিকিউটর এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে। মামলার কোনো আসামি নিজে অথবা তার পিতা, মাতা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে বা মেয়ের মধ্যে যেকোনো একজন সমস্ত আসামির পক্ষে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী কর্তৃক সত্যায়িত মামলার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র বা দলিলাদির ফটোকিপির অনুলিপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নতুন প্রজ্ঞাপন জারির ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২১ মের আগের প্রজ্ঞাপনটি বাতিল বলে গণ্য হবে এবং নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














