পদত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এই সাংবিধানিক পরিবর্তন ও সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন ও বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














