এখন থেকে ৩৫ বছর বয়সের পর কেউ আর নতুন করে আইনজীবী হতে পারবেন না। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বর্তমানে যারা এলএলবি অধ্যয়নরত আছেন, তাদের স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনা করে এই নিয়মটি অবিলম্বে প্রয়োগ করা হচ্ছে না। প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত এই সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই নির্ধারিত বয়সসীমা কঠোরভাবে অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনবার্তা২৪ ডেস্ক 












