মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর অথবা অবসায়নের পথে থাকা আইনি বাধা দূর হয়েছে। ফান্ডগুলোর রূপান্তরে হাইকোর্টের দেওয়া পূর্বের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে এখন মেয়াদি মিউচুয়াল ফান্ডের রূপান্তর বা অবসায়নে আর কোনো আইনি বাধা থাকছে না।
বুধবার (১৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এর আগে কয়েকজন ইউনিটহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডগুলোর রূপান্তর ও অবসায়ন কার্যক্রমের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট। পরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদনের পর উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করেন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, মেয়াদি মিউচুয়াল ফান্ডের রূপান্তরের বিষয়ে কমিশন প্রথমে ৯ জুন নির্দেশনা দেয়। পরে আদালতের রিটের পর ১১ জুন ট্রাস্টিদের জানানো হয় যে রিটকারী ছাড়া অন্য ইউনিটহোল্ডারদের ক্ষেত্রে রূপান্তর কার্যক্রম চলবে। এখন আদালতের স্থিতাবস্থাও উঠে গেছে। ফলে আর কেউ এর বাইরে থাকছেন না। সব মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। ক্লোজড-এন্ড ফান্ডকে ওপেন-এন্ডে রূপান্তর কিংবা অবসায়নের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই।
আইন বার্তা ডেস্ক 







